বিটিআরসি’র ওয়েবসাইটে http://www.btrc.gov.bd এ ‘কমপ্লেইন ফর ইন্টারনেট’ নামে একটি বক্সে ক্লিক করে ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন।
বক্সের নির্ধারিত ফর্মে মোবাইল অপারেটর বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
বর্তমানে রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান টেলিটকসহ মোট ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে।
বিটিআরসির হিসাবে গত মার্চ মাস পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার। গত বছর মার্চে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার।
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করে ৪ কোটি ৩১ লাখ ৬৭ হাজার। অন্যান্য ইন্টারনেট গ্রাহক (ওয়াইম্যাক্স, আইএসপি ও পিএসটিএন) ১৪ লাখ ৫৮ হাজার।
দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়লেও গ্রাহকরা প্রায়ই উচ্চমূল্যের পাশাপাশি ইন্টারনেট ধীরগতি, নেটওয়ার্ক সমস্যা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ও ব্যবহারের চেয়ে বেশি টাকা কেটে নেওয়া ইত্যাদি বিষয়ে অভিযোগ করে আসছেন।
বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার থেকে এ অভিযোগ নেওয়া শুরু হয়েছে। এছাড়া কিছুদিনের মধ্যেই শর্টকোডের মাধ্যমে ইন্টারনেট সেবা নিয়ে অভিযোগ নেওয়া হবে।”
কোনো একটি অভিযোগ নেওয়ার পর সে বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে বিটিআরসি তা গ্রাহককে মেইল করে জানানো হবে বলেও জানান বিটিআরসি সচিব।

Comments are closed.