২৩ মার্চ সরকারি ও বেসরকারি হজ নিবন্ধন শুরু

ঢাকা অফিস :  পবিত্র হজ পালনের জন্য যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলতি বছরে (২০১৬)আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তবে ২৩ মার্চ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের ব্যবস্থাপনার দায়িত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আমাদের সকলকে বাংলাদেশ ও সৌদি সররকারের নিয়ম নীতি মেনে চলতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো প্রকার অন্যায়, অনিয়ম ও শীথিলতা গ্রহণযোগ্য হবে না।

হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে দায়ি ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারি যিনিই হন না কেন, তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে’ বলে কঠোর হুশিয়ারি করেন মন্ত্রী।

ধর্ম সচিব আবদুল জলিল বলেন, ‘প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ২৩ মার্চ থেকে সারাদেশে পুরোদমে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ২১ মার্চ সোনালি ব্যাংকসংশ্লিষ্ট ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করার পর ২২ মার্চ মনোনীত এজেন্সিগুলোকে ‘ইউজার পাসওয়ার্ড’ দেওয়া হবে। যার মাধ্যমে তারা অনলাইনে ঢুকে প্রাক-নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

নতুন নিয়ম অনুযায়ী, এবার সরকারিভাবে হজে যেতে চাইলে ৩০ হাজার এবং বেসরকারিভাবে ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে অনলাইনে প্রাক-নিবন্ধন করতে হবে। প্রাক-নিবন্ধনের পর একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে। এরপর হজ প্যাকেজের বাকি টাকা জমা দিলে একটি আইডি নম্বর দেওয়া হবে। এই নম্বর ব্যবহার করে ব্যাংকের ছাড়পত্র আনার পর হজের ভিসার জন্য পিলগ্রিম আইডি নম্বর দেওয়া হবে। এরপরই দেওয়া হবে হজের ভিসা। এসব ধাপের কোনো একটিতে বিচ্যুতি ঘটলে হজে যাওয়া যাবে না।

প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে সব ব্যক্তির জন্য এনআইডির তথ্য দেওয়া বাধ্যতামূলক। এর কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দিতে হবে। চলতি বছর সরকারিভাবে হজে যেতে পারবেন ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ মো. আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.