তথ্য ও প্রযুক্তি : শুধু যোগাযোগ নয়, আরও কিছু সেবার প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার। বহুল জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করে যাতে আরেকটি নতুন সেবা যোগ হওয়ার আভাস পাওয়া গেছে। আর তা হল ক্ষুদে বার্তা পাঠানোর এই অ্যাপের মাধ্যমে অদূর ভবিষ্যতে কেনাকাটা করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। সূত্র- ফরচুন, অ্যাপল ইনসাইডার ও উইবার গিজমো।
ফেসবুক মেসেঞ্জারকে কেনাকাটার মাধ্যম বানানোর পরিকল্পনার প্রমাণ ফাঁস করেছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ‘দ্য ইনফরমেশন’। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অ্যাপটিতে নতুন দুটি অপশন যোগ করতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। অপশন দুটি হলো ‘পে ডিরেক্টলি ইন মেসেঞ্জার হুয়েন ইউ পিক আপ দ্য আইটেম’ ও ‘পে ইন পারসন’। কোনো খুচরো পণ্য বিক্রির প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার জন্য এই অপশন দুটির নির্দেশনা পালন করবেন ব্যবহারকারীরা।
অ্যাপল ইনসাইডার তাদের খবরে জানিয়েছে, শিগগিরই খুচরো পণ্য বিক্রির দোকান থেকে পণ্য কিনতে পারবেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা। এ নিয়ে কাজ করছে ফেসবুকের বড়সড় একটি দল।
সেবাটি কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ‘অ্যাপল পে’ এর সাহায্য নিয়ে অর্থ পরিশোধের সেবা চালু করতে অ্যাপলের সাথে অংশীদারিত্ব চুক্তিতে যাওয়ার সম্ভাবনা আছে। এই কথার সূত্র ধরে বলা হচ্ছে, ফেসবুক মেসেঞ্জারে অ্যাপল পে একীভূত করে নতুন সেবা চালু করবে কর্তৃপক্ষ।

Comments are closed.