সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

আজ (৬ এপ্রিল ) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে পঞ্চগড় জেলার ইসলাম (৪০) নামে এক চালকের পরিচয় জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে যানজট কমিয়ে আনে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি রকিবুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকই মারা যান।

তিনি জানান, এসময় হেলপার ও যাত্রীসহ আহত হন ৪ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.