স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন খুব মাতামাতি। গোটা ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়ে ছেড়েছেন মুস্তাফিজুর। এই বাঁ হাতি ফাস্ট বোলারের মধ্যে যথেষ্ট মশলা রয়েছে।
ভবিষ্যতে আরো বিভীষিকা হয়ে তিনি দেখা দিতেই পারেন। সেই সম্ভাবনা প্রবল।
প্রশ্ন হল, বড্ড তাড়াতাড়ি কি মুস্তাফিজুর আইপিএলে যোগ দিয়ে ফেললেন না? অনেকেই এতে আপত্তি করবেন। একমত হবেন না হয়তো। সে না-ই হতে পারেন। একমত হওয়া বা না-হওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
অতীতে ভারতীয় ব্যাটসম্যানরা মুস্তাফিজুরকে ঠিক মতো খেলতেই পারেননি। বিরাট কোহলিকেও একবার প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ‘‘মুস্তাফিজুরকে কি খেলতে সমস্যা হয়?’’ কোহলি জবাব দিয়েছিলেন, ‘‘মুস্তাফিজুরকে খেলতে খেলতে ঠিক হয়ে যাবে।’’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার দৌলতে সেই কাটার-ভীতি কেটে যেতে বাধ্য বিদেশি ক্রিকেটারদের। মুস্তাফিজুরকে আগামীদিনে খেলা আরো সহজ হয়ে যাবে। খেলতে খেলতে একসময় রহস্য আর রহস্য থাকে না।
দীর্ঘদিন ধরে ভীতিপ্রদ বিষয়কে কাছ থেকে দেখলে আগের সেই ভীতি আর থাকে না। তেমনই মুস্তাফিজুরকে যত বেশি খেলা যাবে, ততই তার সম্পর্কে গড়ে ওঠা রহস্যও ধীরে ধীরে কেটে যাবে।
মুস্তাফিজুরের অস্ত্রগুলো সম্পর্কেও একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে গোটা বিশ্বের ক্রিকেটারদের। ফলে মুস্তাফিজুরকে খুব সহজভাবেই খেলে দিতে পারবেন অন্য দেশের ক্রিকেটাররা।
তাই বলে মুস্তাফিজুরের প্রতিভাকে অসম্মান বা অশ্রদ্ধা করা হচ্ছে না। তার শেখার যথেষ্ট সময় এখনো পড়ে রয়েছে। যত বেশি তিনি খেলবেন, ততই তিনি শিখতে পারবেন। অভিজ্ঞতা তাকে অনেক কিছুই শেখাবে।
উল্টোদিকও তো আছে। একসময় শচীন টেন্ডুলকারের খেলা দেখে দেখে, তার বিরুদ্ধে খেলতে খেলতে বিপক্ষ দেশগুলো মাস্টার ব্লাস্টারের দুর্বলতা জেনে ফেলেছিল।
শচীনকে ফেরানোর জন্য দক্ষিণ আফ্রিকা একটি বিশেষ জায়গায় ফিল্ডার রেখে দিত। মুম্বাইকরও সেই ফাঁদে ধরা দিতেন। ঠিক তেমনি মুস্তাফিজুর-ধাঁধাও কিন্তু সমাধান হয়ে যাবে।
আইপিএলে বাংলাদেশি এই বোলারকে দেখে বিপক্ষ বুঝে যাবে কোন বলটা বাইরে যাবে, কোন বলটা ভিতরে ঢুকবে।
মুস্তাফিজুরকে খেলার কৌশল হাতের মুঠোয় চলে আসবে বাকি দুনিয়ার। তখন কিন্তু মুস্তাফিজুরকে আর এখনকার মতো ভয়ঙ্কর না-ও দেখাতে পারে। আইপিএলে যোগ দেওয়ার আগে শুভানুধ্যায়ীদের বোঝানো উচিত ছিল মুস্তাফিজুরকে।
বলা উচিত ছিল, এখনই আইপিএল-এ যোগ দিও না। হাজার হোক দেশের সম্পদ তো আরো বেআব্রু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে।

Comments are closed.