তথ্য ও প্রযুক্তি : এবার সবাই অবাক করে দিল গুগল। একটি সাইকেল হঠাৎ করে একাই চলতে শুরু করল। পুরোই ভৌতিক কাণ্ড। যেন দক্ষ কোন সাইকেল আরোহীর সতর্ক রাইডিং। সাইকেলটি একটি রোড ক্রসিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যস্ত সেই সড়কে দ্রুত গতিতে ছুটে চলেছে একের পর এক গাড়ি। অর্থাৎ নিশ্চিত দুর্ঘটনার মধ্যে পড়তে যাচ্ছে সাইকেলটি। সবাইকে অবাক করে দিয়ে সেটি ক্রসিংয়ের পাশে গিয়ে থেমে গেল। আবার ফাঁকা রাস্তা পেয়ে ভো-দৌড়।
এটি সত্যিকারের কোন সাইকেল নয়। গুগলের স্ব-চালিত বাইসাইকেলের কনসেপ্ট ভিডিও। এ মাসের ১ তারিখে নেদারল্যান্ডসে এটি উন্মুক্ত করা হয়। ভিডিওতে দেখা যায়, একজন সাইকেলের সামনে একটি ল্যাপটপ বসিয়ে কাজ করতে করতে কোথায় যেন যাচ্ছেন। আবার, দুই শিশুকে সাইকেলে তুলে দিয়েছেন এক মা। মোবাইল ফোনে লোকেশন ঠিক করে চালিয়ে দিলেন। এরপর ওই দুই শিশুকে নিয়ে ছুটে চলল সাইকেলটি। তবে দিনশেষে দেখা যায়, এটি ছিল এপ্রিল ফুল জোকস। এ রকম কোন সাইকেল তৈরি করছে না গুগল। তবে স্ব-চালিত কার বানানো এ প্রতিষ্ঠানটির পক্ষে এ ধরণের সাইকেল বানানো হয়তো খুব কঠিন হবে না। অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন। তবে কায়িক পরিশ্রম অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার ব্যস্ত সড়কগুলোতে ধীরগতির এ বাহনটি নিয়ে বিড়ম্বনায় ফেলে দেয়। ঘটাতে পারে দুর্ঘটনাও। তাদের জন্য এ ধরণের সাইকেল আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে।

Comments are closed.