মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক-শ্রমিক ইউনিয়ন। পুলিশের সঙ্গে মালিক ও শ্রমিকদের বিরোধের জেরে এই ধর্মঘট ডাকা হয়। আজ বুধবার (৪ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, এর আগে দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দায়িত্বে যাওয়ার জন্য পুলিশ কয়েকটি বাস নেয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে বাসের চালক-হেলপারদের প্রয়োজনীয় খরচ দেওয়া হয়নি । পুলিশের এ ধরনের আচরণের কারণে পরিবহন শ্রমিকরা ৭ মে অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পুলিশের কাজে যেতে অনিহা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সার্জেন্টরা সকালে পুলিশ লাইনের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী তিন বাস আটকে পুলিশ লাইনের ভেতরে নিয়ে যায়। বাস তিনটি নির্বাচনী কাজে ব্যবহার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর ও মেহেরপুর-গাংনী ভায়া কাথুলী সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রমিকরা মিথ্যা অভিযোগ তুলে সরকারি কাজে না যাওয়ার বাহানা করছেন। চালক ও হেলপারদের চাহিদা মতো খোরাকসহ অন্যান্য খরচও দেওয়া হয়েছে। তারপরও দালালদের খরচ নেওয়ার জন্য বাস মালিক সমিতির লোকজন জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছেন। শিগগিরই তাদের সঙ্গে বসে বিষয়টি মিমাংসা করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.