আদেশের পরও মুক্তি মিলছে না এ্যানীর

ঢাকা : সব মামলায় দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরেও কারামুক্ত হতে পারছেন না সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। নাশকতা, মানহানি, দুদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে এ নেতার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়।

রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও মতিঝিল থানায় গাড়ি ভাঙচুর, নাশকতা ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৫ সালে মোট ১০টি মামলা দায়ের করা হয় এ্যানী চৌধুরীর বিরুদ্ধে। এছাড়া, মানহানির অভিযোগে দেশের বিভিন্ন আদালতে এ্যানীর বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। সর্বশেষ দুদকের মামলায় গত ৪ এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখলেও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জেল থেকে মুক্তি পাননি। জামিন আদেশের পর বেইলবন্ড ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। পরের দিন ৬ এপ্রিল কাশিমপুর কারাগার থেকে কারামুক্তির সময় জেলগেট থেকে তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। অজ্ঞাতনামা জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায় এ্যানীকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। একই তারিখে পল্টন থানার অপর একটি মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে পরবর্তীতে আদালত সেটি মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি ১০ মামলায় সেচ্ছায় আত্মসমর্পনের পর থেকে তিনি কারান্তরীণ।

জানতে চাইলে এ্যানী চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সুমন বলেন, ‘এ্যানী চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আমরা উচ্চ আদলত থেকে জামিনাদেশ পাই। কিন্তু কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে তাকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়। এই শ্যোন অ্যারেস্ট সরকারের পরিকল্পিত। তিনি বলেন, মহামান্য উচ্চ আদালত থেকে মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে জামিন দিয়েছেন তারপরেও তাকে শ্যোন অ্যারেস্ট কেন?’ এই আইনজীবী আরো বলেন, ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী একজন অসুস্থ্য ব্যক্তি, দীর্ঘদিন ধরে তিনি কারান্তরীণ থাকায় তার অসুস্থতা নিয়ে তার পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ও উদ্বিগ্ন। তার হার্টে দুটি রিং বসানো আছে।’

এ্যানির পরিবারের সদস্য এমজি মাহাবুব চৌধুরী মঞ্জু বলেন, ‘তিনি (এ্যানী চৌধুরী) প্রতি ছয়মাস পর পর সিংগাপুরে চিকিৎসার জন্য যান। কিন্তু কারাগারে আটক থাকায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না।’ ‘দিন দিন তার (এ্যানি) শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এ্যানী চৌধুরীর মা গুরুতর অসুস্থ্য বলে জানান তার পরিবারের এ সদস্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.