কুমিল্লায় প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লা প্রতিনিধি  :  কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের দায়ে। আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রুপালি মণ্ডল তাঁদের এ দণ্ড দেন।এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও ১০ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে চারজন প্রিসাইডিং কর্মকর্তা ও সাতজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ১৫ জনকে আটক করা হয়। পরে এক প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোবারক হোসেন, তাজুল ইসলাম, মো. শাহীন, খোরশেদ আলম ও মো. মাসুম। এদের মধ্যে মোবারক চৌদ্দগ্রামের শলাকান্দি জেসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট এতিমখানা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। আর তাজুল একই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। বাকি তিনজন এক প্রার্থীর কর্মী।

জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, নির্বাচনের আগের রাতে গতকাল শুক্রবার যুগীরহাট কেন্দ্রে ব্যালট পেপারে প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন দলবল নিয়ে নিজেই সিল মেরেছিলেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন। এ ছাড়া এ কাজে সহযোগিতা ও ওই ভোট কেন্দ্রে অতর্কিত ঢুকে পড়াসহ বিশৃঙ্খলার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। পরে আজ আদালত তাঁদের দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের চৌদ্দগ্রাম থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাশেদুল আরও বলেন, এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার বিভিন্ন ইউনিয়নে তিন প্রিসাইডিং কর্মকর্তাসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের ওই সব ইউনিয়নের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.