বিএনপিকে সময় দেওয়া নিয়ে গড়িমসি ইসি’র

ঢাকা : ইউপি নির্বাচনে অন্য ধাপগুলোর মতো চতুর্থ ধাপেও বিএনপিকে সময় দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি চেয়ারপার্সনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান অভিযোগ করেছেন, দলটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের সময় চাচ্ছেন শনিবার (০৭ মে) সকাল থেকে। কিন্তু সাক্ষাতের সময় দেওয়া হবে কি-না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ইসি।

প্রথম থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রতিটি ধাপেই বিএনপি সিইসির কাছে সাক্ষাতের সময় চায়। কিন্তু কোনো ধাপেই আধাবেলার আগে সময় পায়নি দলটি। কোনো ধাপে বিকাল ৪টার পরে, কোনো ধাপে সাড়ে তিনটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। আর ভোটের শেষ পর্যায়ে বা শেষে বিএনপিকে সময় দেওয়ায় কার্যত সে সাক্ষাতগুলো ফলপ্রসু হয়নি। কেননা, ভোটগ্রহণ শেষে অনিয়মের অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না।

এ অবস্থায় এবারো একই পরিস্থিতির সম্মুখীন করা হবে বলে দলটির নেতাদের অভিযোগ।

এবার সারা দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। শনিবার চতুর্থ ধাপের ৭০৩টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এ অবস্থায় বিএনপির প্রতিনিধি দলটি সিইসিকে অনিয়মের অভিযোগ দিতেই সময় চেয়েছে।

আগামী ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ০৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারের শেষ হবে ইউপি নির্বাচন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.