খেলাধুলা : দুর্দান্ত গতিতে ছুটে চলছেন নোভাক জকোভিচ। মাদ্রিদ ওপেনের ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে এটিপি মাস্টার্স টেনিসে রেকর্ড ২৯টি শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা। গত রোববার ব্রিটিশ তারকা মারেকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারান জকোভিচ। ২০১৬ সালে এ নিয়ে পঞ্চম শিরোপা জিতলেন সার্বিয়ার তারকা। এটিপি মাস্টার্সে শিরোপা জয়ের দিক থেকে স্পেনের তারকা রাফায়েল নাদালকে ছাড়িয়ে যাওয়া জকোভিচ এই নিয়ে ক্যারিয়ারে কিংবদন্তি পিট স্যাম্প্রাস ও বিওন বর্গের সমান ৬৪টি শিরোপা জিতলেন। গত ১৩ বারের মোকাবেলায় এ নিয়ে ১২ বার মারের বিপক্ষে জয়ী হলেন জকোভিচ।
১৯৮৭ সালে এক সপ্তাহের ব্যবধানে জন্ম নেওয়া জকোভিচ ও মারে ২০০৬ সালে মাদ্রিদের চতুর্থ রাউন্ডে প্রথম একে অপরের মুখোমুখি হয়েছিলেন। তখন মাদ্রিদ ওপেন খেলা হতো হার্ডকোর্টে। সে সময়ই প্রথম জয় দিয়ে মারের বিপক্ষে আধিপত্য শুরু হয় জকোভিচের, যা এখনও অব্যাহত রয়েছে।

Comments are closed.