জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার – প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক  :   জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার, আমাদের জনসংখ্যা অনেক বেশি বলে অনেকে মনে করেন  বলেন প্রধানমন্ত্রী। কিন্তু আমি মনে করি, এ বিশাল জনগোষ্ঠী আমাদের সম্পদ, যা পৃথিবীর বেশিরভাগ দেশেই নেই। এ সম্পদকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। শিক্ষিত, দক্ষ ও যোগ্য করে তুলে এদেশের মানুষকে জনসম্পদে পরিণত করবো।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ২১তম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ঘটনায় সরকারকে দুর্নীতিবাজ বানানোর ষড়যন্ত্র করেও প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক ।  জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। চলমান প্রকল্পগুলো যাতে কেউ ষড়যন্ত্র করে বন্ধ করতে না পারে সেজন্য এগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মানুষকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষারে প্রসার ও এর উন্নয়নের নানা উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আগে আমরা বলতাম দু’টি সন্তানই যথেষ্ট, একটি হলো ভালো হয়। কারো যদি ৫টি সন্তান হয় বাবা-মা কি ফেলে দিতে পারেন? মানুষগুলোকে জনসম্পদে পরিণত করবো এটাই লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, অন্য দেশগুলো আমাদের মত এত তরুণ মানুষের সম্পদের অধিকারী নয়। সেসব বৃদ্ধদের দেশ হয়ে গেছে। আর সেসব দেশের উন্নয়নে আমরা লোক দেই। আমাদের দেশ এমন সঙ্কটে পড়ুক তা আমরা চাই না।

তিনি আরো বলেন, ঢাকায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। দেশের ৬৪টি টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটকে অনুমোদন দেওয়া হয়েছে। বেতন-বৈষম্য দূরীকরণে পলিটেকনিক শিক্ষকদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে। শিক্ষক সঙ্কটের সমাধান করা হয়েছে। লেকচারার-প্রফেসর পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

অন্য যেসব সমস্যা রয়েছে সেগুলোরও সমাধান করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দু’টি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। আশা করি, বাকি সমস্যারও সমাধান হবে

এ বিভাগের আরও খবর

Comments are closed.