হেমায়েতপুরে সহোদরসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভার: সাভারের হেমায়েতপুর এলাকা থেকে সহোদরসহ তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার  দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রান্ত ডেইরিফার্মের একটি মেস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার জিয়াউর রহমানের দুই পুত্র জীবন (১৯) ও নাছির (১৬) ও  একই জেলার  করকমা মিয়ার ছেলে  শাহাদত হোসেন (১৫)।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে জীবন ও নাসির  হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা মেরামতের দোকানে কাজ করতেন।
এছাড়া শাহাদাত হেমায়েতপুর এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করে বলে স্থানীয়রা জানিয়েছে।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা না গেলেও মৃতদেহের সুরতহাল দেখে মনে হচ্ছে খাদ্য বিষক্রিয়া অথবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণের ফলে তাদের মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন, নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.