খেলাধুলা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অনুরাগ ঠাকুর। শনিবার বিসিসিআইয়ের সেক্রেটারি পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়ে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। রোববার এক বিশেষ সাধারণ সভায় তার নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করে ক্রিকেটের সবচেয়ে ধনী সংস্থাটি।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিসিসিআইয়ের দায়িত্বে এসেছিলেন শশাঙ্ক মনোহর। চলতি মাসের শুরুর দিকে তিনি পদত্যাগ করায় পদটি খালি ছিল। রোববার নির্বাচিত হওয়ার পর শশাঙ্কের বাকি সময়টা সভাপতির দায়িত্ব পালন করবেন অনুরাগ। পূর্ব জোনে ছয়টি ইউনিটের প্রতিটি থেকেই সমর্থন পেয়েছেন তিনি। ইউনিটগুলো হচ্ছে- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, ন্যাশনাল ক্রিকেট ক্লাব, উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন।
অনুরাগ বর্তমানে বিজেপির এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব নিয়েই তাকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ লোধা কমিটির দেওয়া পরামর্শ অনুযায়ী বিসিসিআইকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
৪১ বছর বয়সী অনুরাগ বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। তার সঙ্গে সংস্থাটির সেক্রেটারি হিসেবে মনোনীত হওয়ার সম্ভাবনায় এগিয়ে আছেন অজয় শিরকের। মূলত তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী। বর্তমানে দায়িত্ব পালন করছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে।

Comments are closed.