খেলাধুলা : কোপা আমেরিকার হিসাব ধরলেও ২৩ বছর পার হয়ে গেছে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর গত বছরের কোপা আমেরিকা_ দুটি আসরেই আর্জেন্টিনা আটকে গেছে ফাইনালে। পরপর দুই শিরোপা হাতছাড়ার কষ্টটা অধিনায়ক হিসেবে লিওনেল মেসিরই বেশি।
ক্লাব ফুটবলে বার্সেলোনাকে একের পর এক শিরোপা জিতিয়ে দেওয়া মেসি এবার দেশের হয়ে শিরোপা-খরা ঘোচাতে চান; আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান এবারের কোপা আমেরিকাতেই, ‘কোপায় আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করব। এই ট্রফি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় কথা, অনেক দিন ধরেই আর্জেন্টিনা কোনো শিরোপা জিতছে না। আমাদের এই দলটাই বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় খুব কাছাকাছি যেতে পেরেছি। গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের প্রাপ্য।’
সর্বশেষ ১৯৯৩ সালে লাতিন আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে সর্বশেষ চার আসরের তিনবারই ফাইনালে উঠে মিশন শেষ হয়ে গেছে রানার্সআপ হয়ে। শততম আসর হিসেবে এবারের কোপা হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। পাঁচবারের ব্যালন ডি অরজয়ী মেসির মতে এবার ভালো সুযোগ আছে আর্জেন্টিনার সামনে, ‘যুক্তরাষ্ট্রের মতো ভিন্ন একটা দেশে আয়োজিত হচ্ছে বলে এবারের কোপা বিশেষ কিছু। দারুণ সব স্টেডিয়াম এবং প্রচুর দর্শকের মিশেলে এটাই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সেরা জায়গা।’ আর্জেন্টিনা তাদের কোপা মিশন শুরু করবে ৭ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।

Comments are closed.