গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর : বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় স্মৃতি নিটওয়্যার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, স্মৃতি নিটওয়্যার নামে ওই কারখানায় শ্রমিকদের চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়।

শনিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজ করতে গিয়ে গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা পাওনা পরিশোধ ও কারখানা খোলার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে প্রায় পৌনে ১ ঘণ্টা অবরোধের পর ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটে আটকা পড়ে শত শত গাড়ি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.