গোলাম সরওয়ার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৮মে শনিবার অনুষ্ঠিত পঞ্চম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯টিসহ মোট ৪২৭টি ইউপিতে জয় পেয়েছে। বিএনপির প্রার্থীরা জিতেছেন মাত্র ৬৬টি ইউপিতে। পঞ্চম ধাপে এসেও ইউপি নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জয়-পরাজয়ের অস্বাভাবিক ধারা অব্যাহত আছে।
গতকাল রোববার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া হিসাব অনুযায়ী, শনিবার ৭১৭টি ইউপিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টি ৯টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭০টি ইউপিতে জয়ী হয়েছেন। অনিয়মের কারণে বাকি ইউপির নির্বাচন স্থগিত আছে।
বিএনপি সর্বাধিক সাতটি ইউপিতে জিতেছে দিনাজপুর জেলায়। তৃতীয় ধাপের নির্বাচনে আগে-পরে প্রাণহানির ঘটনা ঘটলেও ভোট গ্রহণ চলাকালে কোনো প্রাণহানি ঘটেনি। এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আশা প্রকাশ করে বলেছিলেন, সামনের দিকে নির্বাচনী সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তাতে নির্বাচনের ফলও গ্রহণযোগ্য পর্যায়ে চলে আসবে।
কিন্তু বাস্তবে সে রকম কিছু দেখা যায়নি। উল্টো চতুর্থ ধাপে এসে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেড়ে যায়। পঞ্চম ধাপে এসে এর তীব্রতা আরও বেড়েছে। শনিবার নির্বাচনী সংঘর্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

Comments are closed.