তথ্য ও প্রযুক্তি : আজ সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী সিম নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে। রাত ১২টার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্নিবন্ধিত না হওয়া সকল সিম বন্ধ হয়ে যাবে। এদিকে, বিটিআরসির হিসাব অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ১০ কোটি ১৫ লাখের বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। ফলে দেশের ১৩ কোটি ১৯ লাখ সক্রিয় সিমের মধ্যে এখনও প্রায় ৩ কোটি সিম পুনর্নিবন্ধন-প্রক্রিয়ার বাইরে রয়েছে।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে সিম পুনর্নিবন্ধন না করলেও সংযোগ যাতে বিচ্ছিন্ন না করা হয়—এমন নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গতকাল সোমবার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে। এই নির্দেশনা চেয়ে আদালতে আবেদনকারী আইনজীবী অনিক আর হক জানান, আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছি, যত দিন আবেদনের শুনানি শেষ না হবে, তত দিন যেন কোনো অনিবন্ধিত সিমের সংযোগ বিচ্ছিন্ন না করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র বলছে, নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিবন্ধন না করা সিমগুলো আগামী ১ জুন থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া এসব সিম দুই মাস পর ব্যবহারকারীরা বিটিআরসির নির্ধারিত নিয়ম অনুযায়ী কিনতে পারবেন।

Comments are closed.