খেলাধুলা : মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে অভিজ্ঞ ও পরিণত এক রীতিমতো ত্রাস ছড়াচ্ছেন প্রতিপক্ষ শিবিরে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এমন আতঙ্ক হয়েই দেখা দিয়েছিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, সুরেশ রায়নাদের কাছে। হায়দরাবাদের বিপক্ষে কোনো ম্যাচের আগে মুস্তাফিজকে আটকানোর পরিকল্পনা করত প্রতিপক্ষ। অতি অল্প সময়ে এমন সমীহ আদায় করে নেয়ার কীর্তি কম কিসে? হ্যাঁ, সেটাই করে দেখিয়েছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
এবারের আইপিএলে একটি ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। ফাইনালে ফের একাদশে ফেরেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে তুলে নেন শেন ওয়াটসনের উইকেটটি। ডেথ ওভারে নিজেকে দারুণভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমি রেটে নামের পাশে যোগ করেছেন ১৭ উইকেট। নবম আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার।
আরো ভালো করার জন্য মুখিয়ে রয়েছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমি এখনো ছোট। সব সময় শিখতে চাই। আইপিএলে অনেক দেশের অনেক খেলোয়াড় ছিল। সামনে সুযোগ পেলে আরো ভালো করার চেষ্টা করব।’

Comments are closed.