ষষ্ঠ ধাপে ইউপিতে ভোটগ্রহণ চলছে

ঢাকা : ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ও শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৪ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
গতকাল শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ ধাপে আজ ভোট হচ্ছে ৪৬ জেলার ৯২ উপজেলার ৭১০ ইউপিতে। এসব ইউপির সাড়ে ছয় হাজার কেন্দ্রে ভোটার সংখ্যা ১ কোটি ১০ লাখের কিছু বেশি। এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত রয়েছেন ভোটের দায়িত্বে। ৭১০টি ইউপির মধ্যে ২৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের সব কয়টিতে মাত্র একজন করে প্রার্থী আছেন।

স্থানীয় সরকার পরিষদের এটি নবম নির্বাচন। নির্বাচন কমিশনের দেয়া সময় অনুযায়ী, প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাতে।

এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৩৩ হাজার প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ হাজার ২২৩, সাধারণ সদস্য পদে ২৫ হাজার এবং সংরক্ষিত সদস্য পদে ৫ হাজারের বেশি প্রার্থী ভোটের এ লড়াইয়ে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে। আশা করি, ভালো নির্বাচন হবে শেষ ধাপে।’

বিশৃঙ্খলা এড়াতে ইসির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘ভোটে অযাচিত হস্তক্ষেপের কারণে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে বাঁশখালীর সব ইউপির ভোট স্থগিত করা হয়েছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।’

এদিকে, ষষ্ঠ ও শেষ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের আরো ২৮ প্রার্থী। এক উপজেলায় ভোট স্থগিত হওয়ায় বাকি ২৭ জন এখন বিনা ভোটে জয়ীর তালিকায়।

এসব ইউপি হচ্ছে- শরীয়তপুরের ভেদরগঞ্জের রামভদ্রপুর, চরকুমারী, রাঙামাটির কাউখালীর ফটিকছড়ি, মাদারীপুরের শিবচরের ভদ্রাসন, ভোলার দৌলতপুরের ভবানিপুর, চরফ্যাশনের চর কুকরিমুকরি, বগেরহাটের মোল্লাহাটের গাংনি, বগুড়া সদরের ফাঁপোর, শাহজাহানপুরের আশেকপুর, পিরোজপুর সদরের শংকরপাশা, পাবনা সদরের গয়েশপুর, নরসিংদীর পলাশের জিনারদা, চরসিন্দুর, নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর, ঢাকার সাভারের তেঁতুলঝোড়া, টাঙ্গাইলের কালিহাতির দশকিয়া, চাঁদপুরের মতলব উত্তরের গজরা, কালাকান্দা, চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট, ১৪ নম্বর হাইতকান্দি, ১১ নম্বর মঘাদিয়া, ১০ নম্বর মিঠানালা, বাঁশখালীর সরল, সাতকানিয়ার সোনাকানি, ধর্মপুর, কুমিল্লা সদরের বাগমারা, বেলঘর (দক্ষিণ) এবং মুরাদনগরের রামচন্দ্রপুর।

এ বিভাগের আরও খবর

Comments are closed.