খেলাধুলা : ক্রিকেট খেলার ব্যাটের সাইজ নিয়ে নতুন বিধি নিষেধ আসছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লন্ডনের লর্ডসে আইসিসি ক্রিকেট কমিটির এক বৈঠকে জানানো হয়েছে যে ব্যাটের গভীরতা নিয়ে কোনো নিয়ম না থাকায় এমনভাবে ব্যাট তৈরি করা হচ্ছে যাতে ব্যাটসম্যানদের সুবিধা হয়। ভারতের অনিল কুম্বলেসহ সাবেক টেস্ট ক্রিকেটাররা ব্যাট নিয়ে নানান কথা বলেন। তাদের যুক্তি ব্যাটের কারণে এখন বেশি রান করা সম্ভব হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাট নির্মাতারা এখন ব্যাট তৈরির ব্যাপারে এতটাই দক্ষতা অর্জন করেছেন যাতে ব্যাটের যে অংশ দিয়ে বল মারলে সহজে চার বা ছয় রান তোলা যায় সেই অংশের ব্যাপ্তি তারা বাড়িয়ে দিচ্ছেন। ব্যাটের এই অংশটা থাকে অপেক্ষাকৃত হালকা যেটাকে বলা হয় সুইট স্পটস্”- অর্থাৎ এই অংশ দিয়ে বল হিট করলে তা দিয়ে রান স্কোর করা সহজ হয়।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ বেঁধে দেওয়া আছে । হ্যান্ডেলের নিচ থেকে ব্যাট দৈর্ঘ্যে ৩৮ ইঞ্চির বেশি হতে পারবে না। ব্যাটের প্রস্থও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪.২৫ ইঞ্চি ছাড়াতে পারবে না। কিন্তু গভীরতার ক্ষেত্রে কোনো নিয়ম বেঁধে দেওয়া নেই। সাবেক খেলোয়াড়রা বলছেন এ কারণে আজকাল ব্যাটের সু্ইট স্পটস্ বাড়িয়ে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ব্যাটসম্যানদের জন্য ব্যাটের ওই নির্ধারিত অংশ ব্যবহার সহজ হয়ে গেছে।
আইসিসি ব্যাটের সাইজের ব্যাপারে নিয়মকানুন আরও কঠোর করার জন্য এমসিসির প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে ব্যাট ও বলের সামঞ্জস্য আনার জন্য নিয়মের এই পরিবর্তন প্রয়োজন।

Comments are closed.