ষষ্ঠ ধাপে ভোট শেষে চলছে গণনা

সিটিনিউজবিডি : কেন্দ্র দখল, জাল ভোট, বিরোধী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়ম আর সহিংসতায় ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ (৪ জুন) শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এদিন ৬৯৮টি ইউনিয়নে ভোটের মাধ্যমে নবম ইউপির সাধারণ নির্বাচনে ৪ হাজার ৮৫ ইউপির ভোট শেষ হল। বরাবরের মতো শেষ ধাপেও পাল্টা-পাল্টি কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট ছিনতাই, বিরোধী এজেন্টদের বের করে দেয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ফেনীর সোনাগাজীতে মো. নাসির (১৮), ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় শাজাহান (৫২) ও নোয়াখালীতে আরাফাতসহ তিনজন নিহত হয়েছে। আর এ নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন কয়েকশ’ মানুষ। অনিয়মের অভিযোগ এনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন বিএনপির প্রার্থী মিজানুল হকসহ সারাদেশে দলটির অন্তত ১১ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে বিকাল পৌনে ৪টা পর্যন্ত জানা গেছে। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’জন বিদ্রোহী প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২০ জনের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর বাইরে চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ও রাঙামাটির কাউখালীর ফটিকছড়িতে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির হিসেবে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ও পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.