ঢাকা : বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ফের হ্যাক করেছে একটি হ্যাকার গ্রুপ। হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় দিয়েছে কসভো লিবারেশন আর্মি হিসেবে। ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোমপেজে দেখা যাচ্ছে, কালো প্রচ্ছদে লেখা, ‘hacked by nofawkX-al’। ইসির ওয়েবসাইটের ওপরে তারা কসভো লিবারেশন আর্মির প্রতীক বসিয়ে দিয়েছে। এক বার্তায় হ্যাকাররা বলেছে, আমরা যুদ্ধ করছি মিথ্যা তথ্যের বিরুদ্ধে। আমরা সন্ত্রাসবিরোধী। আমরা কসোভোর স্বাধীনতার জন্যে লড়ছি, কসোভো স্বাধীনতার জন্যে মুখিয়ে আছে।
উল্লেখ্য, ১৯৯০ এর দশকে যুগস্লোভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে কসভোকে আলবেনিয়ার সঙ্গে যুক্ত করতে সশস্ত্র আন্দোলন শুরু করে জাতিগত আলবেনীয়দের নিয়ে গঠিত কসভো লিবারেশন আর্মি। ন্যাটো ও আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপে সেই যুদ্ধ শেষ হয় ১৯৯৯ সালে। তখন কসভো লিবারেশন আর্মি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হয়।
নির্বাচন কমিশনের হোমপেজ দখল করে সেখানে ইউটিউবের লিংকের মাধ্যমে কসভো লিবারেশন আর্মির অন্যতম প্রতিষ্ঠাতা আদেম জাশারির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তও দেখানো হচ্ছে। ওয়েবসাইটের নিচের অংশ কসভো লিবারেশন আর্মির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে একটি ই-মেইল ঠিকানাও দেয়া হয়েছে। কিন্তু কেন বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক করা হল, সে বিষয়ে কিছু বলা হয়নি।
অবশ্য বাংলা ও ইংরেজির জন্য আলাদা ইউআরএল এ নির্বাচন কমিশনের পৃষ্ঠা এবং অন্যান্য পৃষ্ঠায় সব তথ্য আগের মতোই দেখা যাচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাল বলেন, ‘বিষয়টি নজরে এসেছে, আমাদের কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে ওয়েবসাইটটি আগের অবস্থায় ফিরে এসেছে।
আক্রান্ত ওয়েবসাইটের তালিকা প্রকাশ করে এমন সাইবার নিরাপত্তাবিষয়ক পোর্টাল জোন এইচ বলছে, এর আগে গত ১৮ মে এবং ২০১৪ সালের ১৯ জুন দুদফা নির্বাচন কমিশনের হোমপেজ হ্যাক করেছিল হ্যাকার গ্রুপ nofawkX-al।

Comments are closed.