বন্ধ মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর রাখার সিদ্ধান্ত

ঢাকা : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাময়িকভাবে বন্ধ তিন মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর রাখার কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা বিবেচনা করে কলেজগুলোতে বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কলেজ তিনটি হচ্ছে- রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ।

তবে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এই তিন প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রী ভর্তির নিষেধাজ্ঞা এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে ৭৫ এ কমিয়ে আনার সিদ্ধান্তও বহাল থাকবে।

পরিচালনা নীতিমালা ভঙ্গ করায় গত ১২ জুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ ওই তিন মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ দেন। মন্ত্রণালয়ের ওই ঘোষণার প্রতিবাদে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার নাইটিংগেলের শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন এবং মন্ত্রীকে স্মারকলিপি দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.