জঙ্গি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট

লালমনিরহাট প্রতিনিধি : জঙ্গি ও দেশের অভ্যন্তরে অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের ধরতে লালমনিরহাটের সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী, পুরস্কার ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের পলাতক জঙ্গির মধ্যে দুই সদস্য পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন খবরের ভিত্তিতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর করের নেতৃত্বে বিভিন্ন জায়গায় কয়েক দফা অভিযান চালানো হয়। কিন্তু গোপন সংবাদ সোর্সের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় সেই অভিযান ব্যর্থ হয়। সে কারণে জঙ্গিদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রমতে, জঙ্গি সদস্যরা ভারত-বাংলাদেশি গরু ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিন ধরে সু-সম্পর্ক গড়ে তুলে সীমান্তে আত্মগোপন করে থাকে। সুযোগ বুঝে এক সময় তারা ভারতে পাড়ি দেয়। বর্তমানে জঙ্গি পারাপারে দু-দেশের সীমান্ত বাহিনী বিজিবি-বিএসএফ সর্বদা সর্তক অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী জানান, লালমনিরহাট জেলার সীমান্ত জুড়ে বিজিবিকে সার্বক্ষণিক সর্তক রাখা হয়েছে। জোরদার করা হয়েছে বিজিবি-বিএসএফের যৌথ টহল। অপরাধীদের ধরতে পুরো সীমান্ত জুড়ে শনিবার সন্ধা থেকে জারি করা হয়েছে রের্ড অ্যালার্ট। যাতে দেশের অভ্যন্তরে অপকর্ম করে সীমান্ত পেরিয়ে অপরাধীরা পার পেয়ে না যায়।

প্রসঙ্গত, ধারাবাহিক গুপ্তহত্যা আর জঙ্গি হামলার বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শেষ হয়েছে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতে। এ অভিযানে পুলিশের হিসাবে আটক হয়েছে ১৯৪ জন জঙ্গি। নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.