ঢাকা : পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মারামারির জেরে রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাসই চলছে না। যাত্রীরা সকাল থেকে অপেক্ষা করছেন। তবে বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রী সেখানে গিয়ে ফিরে আসছেন। মঙ্গলবার সকালে সায়েদাবাদে এই চিত্র দেখা গেছে। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে।
সোমবার বেলা ১২টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকে ওই কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর রাস্তার উপর বাস রেখে মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। তিন ঘণ্টা হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর বিকেলে ওয়ারি জোনের ডিসির মধ্যস্থতায় গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Comments are closed.