জয়পুরহাট প্রতিনিধি : ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশের চাকরিতে যোগদানের অপরাধে দুই কনস্টেবল ও একজনের বাবাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মীর্জাপুর গ্রামের আ. সালাম ও তার ছেলে কনস্টেবল শাহিদুজ্জামান এবং একই উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত. কফিল উদ্দীনের ছেলে কনস্টেবল কবিরুল ইসলাম।
শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
ওসি ফরিদ হোসেন জানান, মুক্তিযোদ্ধা কোটায় ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি কনস্টেবল পদে যোগদান করেন তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে তাদের সনদ ভুয়া প্রমাণিত হয়। পরে এ ঘটনায় জয়পুরহাট পুলিশ লাইনসের রিজার্ভ অফিসার আনিছুর রহমান বাদী হয়ে চলতি বছরের ২৭ জুন একটি মামলা দায়ের করেন। শুক্রবার (০১ জুলাই) বিকেলে রাজধানীর ডিএমপিতে কর্মরত অবস্থায় ওই দুই কনস্টেবলকে এবং একই দিন পাঁচবিবি উপজেলার মীর্জাপুর গ্রাম থেকে শাহিদুজ্জামানের বাবা আ. সালামকে আটক করে পুলিশ।
তাদের শনিবার দুপুরে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।

Comments are closed.