ঢাকা : গাজীপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ (১৩ জুলাই) বুধবার দুপুরে মহানগরের কাশিমপুর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ কর্মীর নাম সেলিম হোসেন মুন্সি। তিনি গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বিকাশে চাকরি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর এলাকার ডিস্ট্রিবিউটর জমাদ্দার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন জমাদ্দার জানান, বিকাশকর্মী সেলিম কাশিমপুর এলাকার বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে টাকা তুলে ফেরার পথে ডিবিএল পোশাক কারখানার কাছাকাছি পৌঁছালে ২টি মোটরসাইকেল থাকা ৪/৫ যুবক তার গতিরোধ করে। পরে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ভর্তি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সেলিম বিকাশের টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় কাশিমপুর কাঁঠালতলা এলাকার ডিবিএল কারখানার কাছে এসে পৌঁছলে দুইটি মোটরসাইকেল যোগে চারজন দুর্বৃত্ত সেলিম হোসেনের দুই পায়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এসময় ৩/৪ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Comments are closed.