ঢাকা : মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের এই পবিত্র ধর্মকে কেউ হেয় করবে এটা আমরা বরদাশত করব না। আজ (১৩ জুলাই) বুধবার দুপুরে গণভবনে চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলোর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।
ধর্মের নামে মানুষ হত্যাকারী জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এইসব বর্বর হামলাকারীরা জান্নাত তো দূরের কথা জাহান্নামেও জায়গা পাবে না। যখন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আত্মবিশ্বাস ফিরে এসেছে, ঠিক সেই সময় এই জঙ্গি হামলার ঘটনা আমাদের সমগ্র বিশ্বের সামনে হেয় করছে। শুধু তাই নয়, আমি মনে করি-মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে এই পবিত্র ইসলাম ধর্মটাকেই আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে তার সরকার বেতন-ভাতা বৃদ্ধি করেছে। মানুষের সামগ্রিক আয় বৃদ্ধি করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। আজকে মানুষের মধ্যে আর সেই হাহাকার নাই। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহবান জানিয়ে জঙ্গিবাদ দমনে সকলের সম্মিলিত প্রয়াসের প্রতি গুরুত্বারোপ করেন।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও তৌফিক-ই-এলাহী চৌধুরী।

Comments are closed.