খেলাধুলা : প্রথমবারের মতো ফুটবলে বিশ্বের কোনো বড় শিরোপা জিতেছে পর্তুগাল। ইউরো ফাইনালে তারা একমাত্র গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েছিল। সেই ফাইনালে পর্তুগালের প্রাণভোমরা রোনালদো খেলতে পারেননি। ২১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইনজুরিতে পড়ে।
তিনি যখন মাঠ ছাড়েন তখন দুর্দান্ত খেলছিল ফ্রান্স। রোনালদো মাঠ ত্যাগ করায় ফ্রান্সের শিরোপা জয় অনেকেই দেখতে শুরু করেছিলেন। কিন্তু শেষ হাসি হেসেছিল রোনালদোর দেশই। তারপরের ইতিহাস সবারই জানা। আনন্দ আর উৎসবে ভেসে গেছে গোটা পর্তুগাল। খেলোয়াড়দের দেয়া হয়েছে রাজকীয় সম্মান। কিন্তু সেই আনন্দের মাঝে বিষাদের সংবাদ হলো রোনালদোকে আপাতত আর মাঠে দেখা যাচ্ছে না।
ইনজুরিমুক্ত হয়ে তাকে মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ অপেক্ষা করতে হবে। স্ক্যানে রোনালদোর বাম হাঁটুতে চিড় (মেডিয়াল কোলাটেরাল লিগামেন্টে) ধরেছে। এ রকম অবস্থায় পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। তার মানে আগস্টের ৯ তারিখ সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল তিনি খেলতে পারবেন না। কোচ জিদানও ঝুঁকি নিতে চান না। বর্তমানে ছুটিতে রয়েছেন রোনালদো।

Comments are closed.