খেলাধুলা : তুরস্ক সফর স্থগিত করেছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। সাবেক বার্সা তারকাদের সঙ্গে একটি দাতব্য ম্যাচ খেলার জন্য দেশটিতে যাওয়ার কথা ছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের। শুক্রবার রাতে তুরস্কের সেনা বাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও প্রধানমন্ত্রী সেনা অভ্যুত্থানকে ব্যর্থ প্রচেষ্টা বলে দাবি করেছেন।
সেনা বাহিনীর ক্ষমতা দখলের প্রচেষ্টার খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। সংঘর্ষে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। জন সাধারণের বাধার মুখে অনেক সেনা সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তবে এই নিয়ে এখনও দেশটিতে বিশৃঙ্খলা চলছে।
শনিবার তুরস্কে উড়ে আসার কথা ছিল বার্সেলোনা তারকা মেসির। স্যামুয়েল ইতো আনতালিয়াতে একটি দাতব্য ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। সেখানে তার খেলার কথা ছিল। কিন্তু তিনি তুরস্কে না পৌঁছে পরিবারের সঙ্গে ইবিজা দ্বীপে থাকবেন বলে জানানো হয়েছে।
ব্লুগ্রানা সাবেক তারকা ইতো, কার্লোস পুয়েওল, ডেকো ও এরিক আবিদাল সঙ্কটপূর্ণ দেশটিতে অবস্থান করছেন।

Comments are closed.