সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের মঙ্গোলিয়া সফর শেষে দেশে ফিরেছেন।১১তম ‘এশিয়া-ইউরোপ মিটিং’ (আসেম) শীর্ষ সম্মেলন শেষে শনিবার সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি অবতরণ করেন।
এসময় বিমানবন্দরে মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডীনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দু’দিনব্যাপী আসেম সম্মেলন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর-এর সাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল- ‘আসেম-এর ২০ বছর : যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের অংশীদারিত্ব।
এবারের সম্মেলনে ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর মহাসচিব অংশ নেয়। এটাই ছিল মঙ্গোলিয়ায় আয়োজিত সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’টি প্লেনারি মিটিংসহ সম্মেলনের উদ্বোধনী, সমাপনী এবং অন্যান্য অধিবেশনগুলোতে যোগদান করেন। দ্বিতীয় প্লেনারিতে তিনি ‘প্রমোটিং আসেম পার্টনারশিপ অব গ্রেটার কানেকটিভিটি’ শীর্ষক একটি বিবৃতি দেন।

Comments are closed.