খেলাধুলা : বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত ১১ জুন এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাফুফে ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। সেদিন ঘোষণা দেওয়া হয়েছিল ঢাকার বাইরে ছয়টি ভেন্যুসহ মোট সাত ভেন্যুতে অনুষ্ঠিত হবে পেশাদার লিগের ম্যাচগুলো।
ঢাকার বাইরের ভেন্যুর তালিকায় ছিল- চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।
তবে রোববার বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাফুফেরসিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন সাত ভেন্যুতে হচ্ছে না এবারের লিগ। তিনটি ভেন্যু কমে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত সয়ম স্বল্পতার কারণেই ভেন্যু কমানো হয়েছে।
ঢাকার বাইরের ছয় ভেন্যুর মধ্যে বাদ পড়েছে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। থাকছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও ময়মনসিংহের জেলা স্টেডিয়াম। তার সঙ্গে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তো থাকছেই।
তবে ভেন্যু কমার কারণে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেওয়া অর্থের পরিমাণও কমে যাবে বলে জানিয়েছেন বিপিএলের পৃষ্ঠপোষক সাইফ গ্লোবাল স্পোর্টসের স্বত্ত্বাধিকারী তরফদার মো. রুহুল আমিন।

Comments are closed.