খেলাধুলা : পর্তুগালের হয়ে সদ্য ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপ জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অন্যরকম সম্মান জানালো তার দেশ। রোনালদোর সম্মানে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করতে যাচ্ছে তারকা ফুটবলারটির জন্মভূমি পর্তুগালের ম্যাদেইরা। পর্তুগালের অধিভুক্ত স্বায়ত্তশাসিত এই দ্বীপাঞ্চলের প্রেসিডেন্ট মিগুয়েল অ্যালবুকুয়েরকে গত শুক্রবার এই ঘোষণা দেন। তিনি জানান, ম্যাদেইরার রাজধানী ফানছালের সান্তা ক্যাটারিনা বিমান বন্দরটির নাম হবে ক্রিশ্চিয়ানো রোনালদো এয়ারপোর্ট।
একই শহরে একই দিন তিনবারের বিশ্বসেরা ফুটবলারটি নিজ নামে একটি হোটেল উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পর্তুগালভিত্তিক পর্যটন ও অবকাশ ব্যবসা সম্পর্কীত কোম্পানি ডায়নোসিও পেসতানার সঙ্গে রোনালদোর হোটেল ব্যবসার যাত্রা শুরু হলো। বিশ্বব্যাপী হোটেল ব্যবসার অংশ হিসেবে লিসবন ও নিউইয়র্কেও নিজ নামে হোটেল করার পরিকল্পনা রয়েছে রিয়াল তারকা রোনালদোর।
প্রথম হোটেলটি উদ্বোধনের সময় রোনালদো বলেন, প্রথম পেসতানা সি আর সেভেন প্রথম হোটেলটি ফানছালেই করার সিদ্ধান্ত নেয়া হয় কেননা আমার শহরটি ওয়ার্ল্ড ট্রেবেল অ্যাওয়ার্ডসের দৃষ্টিতে সবচেয়ে সেরা বিবেচিত। রোনালদো আরো বলেন, এটা উদ্বোধন করা আমার জন্য বড় গর্বের বিষয়। এর মধ্য দিয়ে নতুন এক জায়গায় আমার আগমন হলো।
চলতি মাসেই রোনালদোর নেতৃত্বে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে শিরোপা জেতে কোচ ফার্নান্দো সান্তোসের দল। ইউরোতে অভাবনীয় সাফল্যে এরই মধ্যে পর্তুগাল সরকার রোনালদোদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে।

Comments are closed.