প্রয়োজনে অস্ত্রোপচার হবে মুস্তাফিজের কাঁধে

খেলাধুলা : চোটের ধরন সম্পর্কে আরো নিশ্চিত হতে আরেকবার এমআরআই করানো হবে মুস্তাফিজের বাঁ কাঁধে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে অস্ত্রোপাচার হবে কি না। এমনটায় জানিয়েছেন বিসিবি।

বিসিবির সূত্রটি জানায়, ফিজকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেয়া হবে না। প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে বাঁহাতি এই পেসারের কাঁধে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। পুরোনো সেই চোটই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সাসেক্সে খেলতে গিয়ে। সঙ্গে নতুন কিছু জটিলতাও ধরা পড়েছে ইংল্যান্ডে করা এমআরআইতে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইংল্যান্ডে চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, মুস্তাফিজকে নিয়ে খুবই সতর্ক বিসিবি।

ওর কাঁধে বাড়তি কিছু লিকুইড জমে আছে। আরেকটি এমআরআই করানো হবে ওখানে। এরপর বুঝতে পারব আমাদের করণীয়। ইনজেকশন দেয়া হবে নাকি অপারেশন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ওখানকার চিকিৎসকদের মতামত শুনব আমরা, আমাদের ফিজিও-ডাক্তাররা তো আছেনই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জালাল ইউনুস জানালেন, একই ধরনের কাঁধের চোট তামিম ইকবাল ও নাসির হোসেনেরও সঙ্গী। তবে তাদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই চলছে কাজ। কিন্তু মু্স্তাফিজ পেসার, কাঁধের ওপর অনেক চাপ পড়ে। এই ইনজুরি যে কোনো সময়ই মাথাচাড়া দিতে পারে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.