ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। জনগণ সরকারের কাছ থেকে নয়, বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে।
আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের রয়েছে বিশাল মানবসম্পদ। তথ্যপ্রযুক্তির সঙ্গে এই মানবসম্পদকে সম্পৃক্ত করতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
শেখ হাসিনা আরও বলেন, বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত, উন্নততর ও সহজলভ্য সেবা দিতে হলে আমাদের আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। আসুন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আমরা দেশের উন্নয়নের জন্য আরও নতুন নতুন বিষয় উদ্ভাবন করি।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, এবং ইউএনডিপির এদেশীয় প্রতিনিধি পলিন টেনাসিস।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালদ্বীপ ও ভুটানের মন্ত্রী, কূটনৈতিক মিশনের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগী দেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.