জঙ্গির ৯ লাশ নিতে কেউ আসেনি

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকলেও এখন পর্যন্ত তাদের খোঁজে কেউ আসেনি। বিভিন্ন গণমাধ্যমে তাদের ছবি প্রকাশিত হলেও এখনও একজনের পরিচয় পাওয়া যায় নি। লাশ নিতে কেউ না আসলে লাশগুলো আঞ্জুমান মফিজুলের কাছে দিয়ে দেয়া হবে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের কর্মকর্তারা।

শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, নয় জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার মরদেহ অন্য আটজনের মতো ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। তিনি বলেন, নিহত সাতজনের আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙুলের ছাপ মিলিয়ে বুধবার পরিচয় প্রকাশ করা হয় পুলিশের পক্ষ থেকে। পরদিন আরেকজনের পরিচয় জানানো হয়।

যে আটজনের পরিচয় জানা গেছে তারা হলেন- ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), রংপুরের পীরগাছার রায়হান কবির ওরফে তারেক, সাতক্ষীরার মতিউর রহমান (২৪), দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আবদুর রউফের নাতি সেজাদ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ এই যুবক গুলশানে ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু ছিলেন। আর রায়হান, আব্দুল্লাহ ও নাঈম পড়াশোনা করেছেন মাদ্রাসায়। জোবায়ের ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন বলে তার বাবা জানিয়েছেন।

উল্লেখ, সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে গত সোমবার রাতে কল্যাণপুরে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের নেতৃত্বে অভিযানে নিহত হন নয়জন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.