রাঙামাটিতে জেএসএস বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিয়াউল হক, (রাঙামাটি প্রতিনিধি) : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার এবং রাঙামাটির বিলাইছড়িতে নেতাকর্মীদের বাড়িতে সেনা তল্লাশির প্রতিবাদে রাঙামাটিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকালে শহরের উত্তর কালিন্দীপুরের জেলা অফিস থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক জোনাকি চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, রোববার রাতে বান্দরবান সদরের কালাঘাটার নিজ বাড়ি থেকে উছোমং মারমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি সেনাক্যাম্প থেকে একদল সেনা দীঘলছড়ি ও বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে রাতে জনসংহতি সমিতির বিলাইছড়ি থানা কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক মানিক চাকমার বাড়িসহ পাশের ঘরবাড়ি এবং পাহাড়ি ছাত্র পরিষদের বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। তখন মানিক চাকমা ও বীরোত্তম চাকমা বাড়িতে ছিলেন না। না পেয়ে তাদেরকে ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়ে চলে যান সেনা সদস্যরা। ওইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বান্দরবানে গ্রেফতাকৃত উছোমং মারমার নি:শর্ত মুক্তি এবং হয়রানিমূলক অভিযান বন্ধ করার দাবি জানান জনসংহতি সমিতির নেতারা।

সমাবেশে তারা উল্লেখ করে আরও বলেন, গত ১৩ জুন রাজভিলায় আওয়ামী লীগের সদস্য মংপু মারমার অপহরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের ৩৮ সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উছোমং মারমাসহ সংগঠনটির ১০ সদস্য হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিন পেয়ে উছোমং মারমা নিজ বাড়িতে ফিরলে আরেকটি নতুন চাঁদাবাজি মামলায় জড়িত করে তাকে রোববার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মিথ্যা ও সাজানো অভিযোগে মামলাটি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.