খেলাধুলা: পাকিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ। সেই সুবাদে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ক্যারিবীয়রা। ১০ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
সকালে পাকিস্তানের করা ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় জুটি ইমলাচ-হেতমার দলের মোড় ঘুড়িয়ে দেয়। দু’জনেই অর্ধশত করে সাজঘরে ফিরেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট পান শাদাব খান, সামিন গুল ও আহমেদ শফিক।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে সুবিধা করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
উইকেটের পতন শুরু হয় তৃতীয় ওভার থেকে। ওপেনার জিসান মালিককে (৩) আউট করেন জন হোল্ডার। দুই ওভার না যেতেই জোসেফের বলে মাঠ ছাড়েন শাদাব খান (১)। ওপেনার মোহাম্মদ উমর তখন জুটি বাধেন সাইফ বদরের সাথে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রান নিয়ে মাঠ ছাড়েন তিনিও। দলে ১০ রান যোগ করে তারপর স্পিনগারের বলে ইমলাচের তালুবন্দি হন সাইফ বদর।
এরপর দলের ভরসা হাসান মোহসিন বিদায় হন ১৯ রানে।
দলের তরী যখন ডুবতে বসেছে, তখন হাল ধরেন উমর মাসুদ। চার-ছক্কা হাকিয়ে ধীরে ধীরে তীরে নিয়ে আসেন। দলকে টেনে তুলে জনের বলে ইমলাচের তালুবন্দি হন তিনি। কিন্তু তার আগে করেন সেঞ্চুরি। ১১৩ বলে ১১৩ রানের ঝড়ো ইনিংসের পর সাজঘরে ফিরেন তিনি। ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে সাজান চমৎকার এই ইনিংস। এ সময় মাসুদের সঙ্গী ছিলেন সালমান ফয়েজ। তিনি করেছেন অর্ধশত এবং ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ২২৭ রান।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন উমর মাসুদ।
