সিটিনিউজ ডেস্ক:: আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ–নির্বাচন। নির্বাচনকে ঘিরে এ ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে গতকাল থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি ও পুলিশের ৫টি মোবাইল টিম মাঠে রয়েছে। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। মাত্র একটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। তাই বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইন–শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটও রয়েছে নির্বাচনী মাঠে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে। এ কারনে এই ওয়ার্ডে কাউকে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়নি।
এ উপ নির্বাচনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–মো. মোরশেদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, বিবি মরিয়ম, মো. ইকবাল শরীফ, মো. শাকির ও সৈয়দ নুরুন্নবী লিটন।
এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৩৯ জন পুরুষ এবং ১৫ হাজার ৫ জন নারী। ১৪টি কেন্দ্রের ৭৩টি বুথে ভোট গ্রহণের জন্য ১৪ জন প্রিসাইডিং অফিসার, ৭৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৪৬জন পোলিং অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ উপলক্ষে বন্দর থানার নির্বাচন কর্মকর্তা ও উপ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম আজাদীকে জানান, এ ওয়ার্ডের উপ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে প্রত্যেক কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী গতকাল প্রিসাইডিং অফিসারদের দিয়ে পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মিলে ২৪জন করে দায়িত্ব পালন করবে।
