সিটিনিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে নগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
খন্দকার মোশাররফ বলেন, বেগম জিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গত নির্বাচনের মতো আসন্ন একাদশ জাতীয় নির্বাচনও একতরফাভাবে করার নীল নকশা হিসেবে বেগম জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে মানবেতর অবস্থায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুক্তি দিতে হবে। বেগম জিয়াকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না।
তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি দিয়ে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা না করলে জনগন তা মেনে নেবে না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে সম্প্রতি লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক জিয়া দেশে আসবেন। তবে এদেশের গণতন্ত্রকামী জনগণই তাকে নিয়ে আসবে।
নগর বিএনপি সভাপিত ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম।
