গোলাম সরওয়ার : প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।
অস্বাভাবিক বৃষ্টিতে নগরীর অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে জোয়ারের পানি যুক্ত হয়ে চাক্তাই, খাতুনগণ্জ, আগ্রাবাদ ,বেপারী পাড়া ,ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর জনগণের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার,নগরীর নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 
বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন চলাচল কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে পরিবহন সংকট। পানি জমে যাওয়ায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হয়েছে যানজট।
বৃষ্টি আর সড়কে জমে থাকা পানির কারণে অফিসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পড়েছে দুর্ভোগে। বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও গাড়ি পাচ্ছেন না লোকজন। গাড়ি পাওয়া গেলেও উচ্চ ভাড়া হাঁকছেন চালকরা। আর যেখানে পানি জমে আছে সেখানে রিকশা ছাড়া অন্য কোন পরিবহনের দেখা মিলছে না।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ১৪৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল (বুধবার) পর্যন্ত এ প্রভাব থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সকাল নয়টা থেকে জোয়ার শুরু হয়েছে। ভাটা শুরু হবে দুপুর ২টা ৫৪ মিনিটে। আবার জোয়ার শুরুর সময় রাত ৯টা ৩৬ মিনিটে।
