বিনোদন জগৎ, সিটি নিউজ :: কলকাতার জয়দীপ মুখার্জি পরিচালিত সুপারস্টার শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সম্প্রতি। কিন্তু ছবিটি মুক্তির শর্ত হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যে সদস্য পদ নির্মাতা জয়দীপ মুখার্জির প্রয়োজন প্রতারনার অভিযোগে তা দেওয়া হচ্ছেনা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে জানানো হয়েছে, জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’সহ কোনো ছবি মুক্তি পাবে না বাংলাদেশে।
জয়দীপ পরিচালক সমিতির কাছে অতিথি সদস্য হতে চেয়ে আবেদন করেছিলেন গত রোববার। কিন্ত অভিযোগ উঠেছে যে ছবিটি নির্মাণের জন্য তিনি অনুমতি চাইছেন, সেই ছবিটির কাজ তিনি আগেই কলকাতা ও লণ্ডনে শেষ করেছেন। এমন অবস্থায় এটিকে প্রতারণা হিসেবে দেখছে সমিতি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশের নাগরিক যদি বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে চান, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করতে হবে ছবি নির্মাণের আগে। যে ছবি আগেই বিদেশি ছবি হিসেবে নির্মাণ হয়েছে বিদেশে, সেই ছবির জন্য কেমন করে আমরা তাকে সদস্য করি ? তাকে সদস্যপদ দেয়ার মানে হচ্ছে সমিতির গঠনতন্ত্রের সঙ্গে প্রতারণা করা। একজন বিদশি নাগরিকের জন্য এটা কখনই সম্ভব নয়।
অন্য দেশের নাগরিককে বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে হলে তাঁর নিজ দেশের পাসপোর্টের ফটোকপি, সেই দেশের পরিচালক সমিতির সনদসহ কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। সঙ্গে নির্মাতা যে ছবিটি নির্মাণ করতে চায়, তার নাম অবশ্যই জমা দিতে হবে শিল্পীদের নামসহ। জয়দীপ মুখার্জি সব কাগজ জমা দিয়েছেন, আমরা সমিতিতে উনার বিষয়টি নিয়ে কথা বলেছি। কিছু বিষয়ে গরমিল পেয়েছি। যে কারণে তিনি আমাদের পরিচালক সমিতির সদস্যপদ পাবেন না। এমনকি উনার পরিচালিত কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না।’
এমন পরিস্থিতে আসছে ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। বাংলাদেশি ছবি হিসেবে আপাতত ভাবা যাচ্ছে না এটিকে। দেখার পালা সাফটায় বাংলাদেশের সিনেমা হলে ‘ভাইজান এলো রে’ মুক্তি পায় কী না। তবে সাফটায় এলেও ঈদে মুক্তি সম্ভব নয়। কারণ, ঈদে দেশীয় কোনো চলচ্চিত্র মুক্তি পেলে সাফটায় কোনো ছবি আমদানি করার নিয়ম নেই বলেই জানালেন বদিউল আলম খোকন।
‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জিসহ অনেক তারকা।
