সিটিনিউজবিডি : পাবনার সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় আটক ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ কে এম রওশন জাহান উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি, তদন্ত) আবুল কাশেম জানান, ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে ৩০ আগস্ট জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
তারা হলেন- উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহসান হাবীব আছান (২৫), করমজা নিশিপাড়া গ্রামের অঞ্জন দাশের ছেলে সুজন দাশ (১৮), নরেন চন্দ্র দাশের ছেলে বৃষ্ণ চন্দ্র ওরফে বিশু চন্দ্র দাশ (২৭), মৃত গীরিশ চন্দ্র দাশের ছেলে লিটন দাশ (২০) ও পৌর সদরের দত্তকান্দি মহল্লার রাজু প্রামাণিকের ছেলে আবু বক্কার সিদ্দিক (১৬)।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয়জনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, এ্যাডভোকেট তৌফিক ইমাম খানসহ ছয়জন।
অপরদিকে, সরকার পক্ষে ছিলেন কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) মো. কামরুজ্জামান।
প্রসঙ্গত, ২৫ আগস্ট দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট এলাকায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হন। ওই ঘটনায় নিহত আলাউদ্দিন ওরফে আলালের ভাই রানা শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
