নিজস্ব প্রতিবেদক:: দুইপক্ষের কথা কাটাকাটির জের ধরে মতিঝর্ণা এলাকায় এক যুবক খুন হয়েছেন।
শনিবার সন্ধ্যায় খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় ওই ঘটনায় নিহত মো. দিদার (২৫) মতিঝর্ণা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) সোহেল রানা বিশ্বাস বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে দিদারকে ছুরিকাঘাত করা হয়।
“গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন লাভলু ও দিদারকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় কিছু লোকজন।
“পরে দিদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ কর্মকর্তা সোহেল রানা জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহত দিদার ও আহত সালাউদ্দিন লাভলু লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সমর্থক হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
