বিনোদন ডেস্কঃ হালের আলোচিত মডেল অভিনেত্রী ঐশী বিপাকে পড়েছেন। বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে আলোচনায় আসা জান্নাতুল ফেরদৌসী ঐশী’র ফেসবুক আইডি আর পেজ হ্যাক হয়েছে। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি। সংবাদ মাধ্যমকে ঐশী বলেন, মঙ্গলবার রাতে তাঁর পেজ ও আইডি দুটোই কেউ হ্যাকড করেছেন।
ঐশী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থেকে দেশে ফিরে গানের ভিডিও আর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। কাজ শুরু করেছেন ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে। প্রথম সিনেমায় ঐশী সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভকে। ঐশী তাঁর কাজের সর্বশেষ তথ্য ফেসবুক আইডি আর পেজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করতেন। কিন্তু মঙ্গলবার রাত থেকে তা আর পারছেন না।
ঐশী বলেন, ‘এর আগেও একবার আমার আইডি হ্যাক হয়েছিল। বড় ধরনের কিছু হওয়ার আগেই উদ্ধার করেছি। কিন্তু এবার তো আইডি আর পেজ দুটোই হ্যাক হয়েছে। কী করব বুঝতে পারছি না। তবে সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে এরই মধ্যে জানিয়েছি।’
ঐশী জানান, হ্যাকার তাঁর অ্যাডমিনের ম্যাসেঞ্জারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ঐশীর সঙ্গে কথা বলতে চান। হ্যাকাররা টাকা চেয়েছেন। টাকা দিলে আইডি ফেরৎ দিবে বলেছেন।
