সিটি নিউজ : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্দ এরশাদ স্বজনদের ডাকে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এ সময় জিএম কাদের এরশাদের শারীরিক অবস্থার বিষয়ে শুধুমাত্র দলের ব্রিফিং এবং আইএসপিআরের তথ্যকেই নেয়ার অনুরোধ জানান।
অন্য যে কোনো তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘সবার প্রতি অনুরোধ, এমন সময়ে নিশ্চিত না হয়ে কেউ গুজব ছড়াবেন না। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে স্বজন এবং চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন, চোখও মেলছেন।’
এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এরশাদকে লাইফসাপোর্ট দেয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। এজন্য চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দেন।’
গত ২৬ জুন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। কিডনিসহ দেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে সংক্রমণ দেখা দিয়েছে। ফুসফুসে পানি জমেছে।
