উন্নয়ন ও অগ্রগতিতে সমবায় পরীক্ষিত সফল পদ্ধতিঃ মোশাররফ
সিটি নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সমবায় একটি পরীক্ষিত সফল পদ্ধতি। একক প্রচেষ্টায় যা করা সম্ভব নয়, সমবায়ের মাধ্যমে তা সহজেই করা সম্ভব। তবে তার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা খুবই গুরুত্বপূর্ণ।
আজ শনিবার তিনি নগরীর এলজিইডি মিলনায়তনে দেশব্যাপী আয়োজিত ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সবায়ে উন্নয়ন”। আলোচনা সভায় এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বডুয়া।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সমবায়ের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে একটি স্বনির্ভর জাতি হিসেবে বিশ^ দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার। সে মোতাবেক তিনি কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। তাই বঙ্গবন্ধুর এ স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমবায় সমিতি গঠন এবং নেতৃত্ব নির্বাচনে সমবায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমবায় বিভাগের উপ-নিবন্ধক মো. গিয়াস উদ্দিন, সহকারী নিবন্ধক কানিজ ফাতেমা, বশির আহাম্মদ, রবিন ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, পাঁচলাইশ থানা সমবায় অফিসার শহিদুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের অডিটর মো. সামসুদ্দিন ভূঁইয়া, দি চট্টগ্রাম আরবান কো-অপারেটিভ সোসাইটির ভাইস চেয়ারম্যান ডি কে চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে সমবায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও দি চট্টগ্রাম আরবান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১৬টি সফল সমবায় সমিতিকে সম্মাননা পদক প্রদান করা হয়।
সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর ষোল শহর ২ নম্বর গেইট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে এলজিইডি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এ এম এম সাহাবুদ্দিন। র্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
