সিটি নিউজঃ চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জুলুসে অংশ নিতে গিয়ে ৭ শিশু কিশোর অগ্নিদদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর লালখান বাজারে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশগ্রহণকারীদের একটি পিকআপে আগুন লেগে যায়। এতে ৭ শিশু-কিশোর দগ্ধ হয়েছে। জানা যায়, জুলুসে অংশ নেয়া পিকআপের সাউন্ডসিস্টেম চালানোর জন্য রাখা জেনারেটর থেকে আগুন ধরে গেলে আহত হয় পিকআপে থাকা যাত্রীরা।
আহতরা হলো- নূর নবী (৬), কাউছার (২০), রফিকুল ইসলাম (৮), রিফাত (১২), ইয়ামিন (৯), হৃদয় (১৬) ও অপরজন অজ্ঞাতনামা। তারা সবাই জশনে জুলুছে বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকার চেয়ারম্যান ঘাটা (বালুর মাঠ) থেকে অংশগ্রহণ করছিল। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে।
চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদদ্ধদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকি ৩ জন হাসপাতালে ভর্তি আছে। ভর্তি থাকা আহতদের মধ্যে রিফাত হোসেনের আবস্থা গুরুতর। তার শরীরে প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। এছাড়া রফিকুল ইসলামের ২০ শতাংশ ও হৃদয়ের ১৫ শতাংশ শরীর পুড়ে গেছে।
গুরুতর আহত রিফাতের পিতা সালাউদ্দিন জানান, পাড়ার ছেলেদের সাথে রিফাত সকালে বাইরে যায়। সে জুলুসের মিছিলে গেছে সেটা বাসায় কাউকে বলেনি। চমেক হাসপাতাল থেকে ফোন পেয়ে ঘটনা জানতে পারি।
