ফজলে হাসান আবেদের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

0

সিটি নিউজ ডেস্কঃ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এছাড়াও স্যার আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মর দেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামেই তার জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।

স্যার ফজলে হাসান আবেদ গত শুক্রবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারে স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন তিনি। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ-বিদেশের নানা ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

স্যার ফজলে হাসান আবেদের স্মরণে আজ দুপুর ২টা থেকে মহাখালীর ব্র্যাক সেন্টারের প্রধান কার্যালয়ে শোকবই খোলা হবে। এ ছাড়া ৩০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার এবং সারাদেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সারাদেশে ব্র্যাকের সব অফিস বন্ধ থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.